চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর থানার আই ব্লক এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, আগুনে কতটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চাটগাঁ নিউজ/এমকেএন





