পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ গেল কিশোরের, আটক ৩

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হামিদ (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবকসহ তার মা ও বোনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লরাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হামিদ ওই এলাকার আবুল কালামের ছেলে। অভিযুক্ত শামিম (১৮) একই এলাকার মোহাম্মদ সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদ ও শামিম প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হামিদ পেশায় মোবাইল মেকানিক এবং শামিম টমটমচালক। কিছুদিন আগে শামিম তার একটি মোবাইল ফোন মেরামত করান। তবে মেরামতের নির্ধারিত টাকা পরিশোধ না করে তিনি সময়ক্ষেপণ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনী নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঘটনার দিন সকালে শামিমের সঙ্গে দেখা হলে হামিদ পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শামিমের মা ও বোন ঘটনাস্থলে এসে হামিদকে টানা-হেঁচড়া করেন বলে অভিযোগ ওঠে। পরে শামিম হঠাৎ একটি ছুরি দিয়ে হামিদের পেটের পাশে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

হামিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শামিমকে আটক করেন এবং তার মা ও বোনকে অবরুদ্ধ করে রাখেন। পরে চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে পুলিশের হাতে তুলে দেন।

চেয়ারম্যান আরও জানান, গুরুতর আহত অবস্থায় হামিদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত, তার মা ও বোনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top