চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস, ডাম্প ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রবিবার (৩১ মে) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জারিয়া বেগম (৪৫) বাড়বকুণ্ড ইউনিয়নের মিয়ারজীপাড়া এলাকার বাসিন্দা এবং জহুরুল আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস বাড়বকুণ্ড বাজার এলাকায় পৌঁছালে মহাসড়কে ওঠার সময় একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে অবস্থানরত জারিয়া বেগম বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের মাঝখানে থেমে গেলে পেছন থেকে আসা একটি ডাম্প ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ট্রাকটি রাস্তার পাশের একটি বেকারির ভেতরে ঢুকে পড়ে।
এ ঘটনায় বাস, মাইক্রোবাস ও অটোরিকশার যাত্রী এবং পথচারীসহ অন্তত ২৫ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশের সহযোগিতায় কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম হক জানান, দুর্ঘটনাকবলিত বাস, মাইক্রোবাস, ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





