মাদকমিশ্রিত পানীয় খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জামাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রবিবার (৩১ মে) বিকেলে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, শনিবার (৩০ মে) দুপুরে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী জামাল কৌশলে মাদকমিশ্রিত পানীয় খাইয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তাকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে, এক পর্যায়ে সড়কে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে, যেখানে তার চিকিৎসা ও পরীক্ষার ব্যবস্থা চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top