সড়কে বাস-ইজিবাইক সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী ইজিবাইককে বাস চাপা দিলে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চল্লিশা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অজ্ঞাতপরিচয় এক শিশু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছালে একটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকসহ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ও নিহতদের কয়েকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top