সন্ত্রাসীদের শেষ আশ্রয়স্থলও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, সন্ত্রাসীদের আশ্রয়স্থল ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের সর্বশেষ ঘাঁটিও নির্মূল করা হবে।

রবিবার (৩১ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যারা রাষ্ট্রীয় বাহিনীকে চ্যালেঞ্জ করেছে, তাদের অবস্থান ও আশ্রয়দাতাদের খুঁজে বের করা হবে। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূলে সরকার বদ্ধপরিকর।

তিনি জানান, সাম্প্রতিক অভিযানে পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অংশ নিয়েছেন। প্রায় চার হাজার সদস্যের যৌথবাহিনী এলাকায় অভিযান পরিচালনা করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের সব বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। বর্তমানে সবচেয়ে বড় লক্ষ্য হলো এলাকায় শান্তি ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সন্ত্রাসীরা যাদের আশ্রয়ে থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, জঙ্গল সলিমপুর, আলীনগর ও আশপাশের এলাকার উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সরকারি স্থাপনা নির্মাণ এবং সম্ভাব্য নতুন কারাগার স্থাপনের বিষয়ও পর্যালোচনা করা হয়েছে।

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে কাউকে উচ্ছেদ করা হবে না। যাদের পুনর্বাসনের প্রয়োজন হবে, তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গণমাধ্যমের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক তথ্য ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে। জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top