ফটিকছড়িতে মৎস্য প্রকল্পে নৌকা উল্টে নিহত ১, নিখোঁজ ২

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের নয়াবাজার এলাকায় একটি মৎস্য প্রকল্পে মর্মান্তিক দুর্ঘটনায় মো. মফিজ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মফিজ ওই উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজ তার নিজের এবং ভাইয়ের দুই শিশুকে নিয়ে মৎস্য প্রকল্পে মাছের খাবার দিচ্ছিলেন। এ সময় নৌকায় থাকা এক শিশু অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে মফিজ পানিতে ঝাঁপ দেন। এ সময় নৌকাটি ভারসাম্য হারিয়ে আরেক শিশুসহ উল্টে যায়।

পরে প্রকল্পের কর্মচারীরা মফিজকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পানিতে পড়ে যাওয়া দুই শিশুকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top