পটিয়ায় মাদক পাচারের সময় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: পটিয়ায় মাদক পাচারের সময় ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৯ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মুজাফফরাবাদ কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফের লেদা পুরাতন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মো. জানে আলম (২৬) ও তার স্ত্রী সুফাইরা বেগম (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী যাত্রীবাহী ‘ঈগল ওয়ান’ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের একটি আসনে বসা ওই দম্পতির দেহ তল্লাশি করে তাদের কাছে থাকা ২ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top