চাটগাঁ নিউজ ডেস্ক: দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে একটি মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, এসব অপচেষ্টা মোকাবিলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (৩০ মে) সকালে চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেইট এলাকার বিপ্লব উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, বিপ্লব উদ্যান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে এখান থেকেই জিয়াউর রহমান প্রতিরোধের আহ্বান জানিয়েছিলেন এবং পরদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে জাতিকে উদ্বুদ্ধ করেন। তাঁর সাহসিকতা, দেশপ্রেম ও নেতৃত্ব স্বাধীনতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
বর্তমান সময়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে বিকৃত করার চেষ্টা চলছে উল্লেখ করে মেয়র বলেন, সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন জিয়াউর রহমান দেখিয়েছিলেন, তা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
অর্থনৈতিক উন্নয়নে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষি, শিল্প, শিক্ষা, রেমিট্যান্স ও রপ্তানি খাতে তাঁর গৃহীত উদ্যোগ দেশের অর্থনীতির ভিত শক্তিশালী করেছিল। তৈরি পোশাক শিল্পের বিকাশ এবং বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে তিনি অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেছিলেন।
চামড়া শিল্পের বর্তমান সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শাহাদাত। তিনি বলেন, একসময় বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ খাতকে পুনরুজ্জীবিত করতে কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন।
এ সময় তিনি চট্টগ্রামকে দেশের পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার দাবি জানান। তাঁর মতে, বন্দর, শিল্প, পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম জাতীয় অর্থনীতির আরও শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলম, মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





