মনের পশুত্ব ত্যাগ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

চাটগাঁ নিউজ ডেস্ক : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে মনের পশুত্ব, লোভ-লালসা পরিহার করে উন্নত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। একইসঙ্গে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থ ও সামগ্রিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নের এই ধারা এগিয়ে চলছে এবং দেশের মানুষ বিভিন্ন ক্ষেত্রে এর সুফল পাচ্ছে।

তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে হবে। ত্যাগের এই চেতনাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে।

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সর্বস্তরের নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সবাইকে সহযোগিতা করতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী ঈদের নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top