চাটগাঁ নিউজ ডেস্ক: বোয়ালখালী উপজেলায় হঠাৎ আঘাত হানা ঘূর্ণিবাতাসে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে সড়ক ও যানবাহনের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। পাশাপাশি কয়েকটি স্থানে বৈদ্যুতিক সঞ্চালন তার ছিঁড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে আকস্মিক এ ঘূর্ণিবাতাসে উপজেলার পশ্চিম শাকপুরা, মীরপাড়া, আকুবদণ্ডীসহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে বড় বড় গাছ ও ডালপালা ভেঙে সড়কে পড়ে টেক্সি, প্রাইভেটকার ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু বসতঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানান, আহত ৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে আবু তৈয়ব (২৭), আবু সৈয়দ, রিয়া ও মো. আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘূর্ণিবাতাসের পর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





