চাটগাঁ নিউজ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (২৬ মে) কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের সূচিতে বিঘ্ন ঘটেছে।
এর মধ্যে একটি ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয়েছে, কয়েকটি ফ্লাইট বিলম্বে ছেড়ে গেছে এবং একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর মদিনা-চট্টগ্রাম রুটের ফ্লাইট BG138 বৈরী আবহাওয়ার কারণে সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ডাইভার্ট হয়। পরে ফ্লাইটটি দুপুর ২টা ১ মিনিটে চট্টগ্রামে ফিরে আসে এবং বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস এর দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট BS-342 চট্টগ্রামে অবতরণের পর ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বের শিকার হয়। পরে বিকেল ৩টা ৯ মিনিটে ফ্লাইটটি যাত্রা করে।
একই এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট BS-105 বাতিল করা হয়।
অন্যদিকে ফ্লাইদুবাই এর চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট FDB-564 প্রায় তিন ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ১৬ মিনিটে চট্টগ্রাম ত্যাগ করে।
চাটগাঁ নিউজ/এসএ





