উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (২৫ মে) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সংলগ্ন মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. সালমান (২৭)। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মো. নিজামত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ক্যাম্প-১০ এর বাসিন্দা সালমান বালুখালী কাটাপাহাড় সীমান্তের ওপারে গেলে সেখানে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার মতে, অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে মাদক আনার উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে থাকে; বৈধভাবে সেখানে যাওয়ার সুযোগ নেই।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





