ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণ, প্রাণ গেল ৩ শ্রমিকের

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড সংলগ্ন মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট এলাকার ৪১ নম্বর পিলারের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাল্লুক্যা পাড়ার অক্যমং তঞ্চঙ্গ্যা (৪০), চিক্যং তঞ্চঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তঞ্চঙ্গ্যা (৩২)। তারা সবাই স্থানীয় বাসিন্দা এবং পেশায় শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সীমান্তবর্তী তুমব্রু নোম্যান্সল্যান্ড এলাকার একটি কলাবাগানে কাজ করতে যান ওই তিন শ্রমিক। এ সময় মিয়ানমার সীমান্ত এলাকায় পূর্ব থেকে পুঁতে রাখা একটি স্থল মাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন অক্যমং তঞ্চঙ্গ্যা।

পরে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে আরও একটি মাইন বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চিক্যং তঞ্চঙ্গ্যা ও শৈফুচিং তঞ্চঙ্গ্যা।

ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. জাফর ইকবাল বলেন, সীমান্তবর্তী এলাকায় স্থল মাইন বিস্ফোরণে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

 

Scroll to Top