নিখোঁজের ১৭ ঘন্টা পর গুলিয়াখালী থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সেই যুবককে পাওয়া গেছে। নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর মো. রিফাতুল ইসলাম (১৯) নামে সেই পর্যটকের মৃতদেহের সন্ধান পাওয়া যায়।

আজ রোববার (২৪ মে) সকাল ৯টার দিকে স্থানীয়রা লাশটি খালের মুখে ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে জানালে তাদের ডুবুরি দল ও  কোষ্টগার্ডসহ মিলে প্রশাসনের ব্যক্তিরা লাশটি উদ্ধার করতে তৎপরতা চালায়।

নিহত রিফাত কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরের খাইরুল ইসলামের ছেলে এবং গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

গতকাল শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা থেকে ৫ যুবক গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় চাজনকে উদ্ধার করলেও রিফাত নামে এক যুবক নিখোঁজ হন।

ফায়ার সার্ভিস টিম উদ্ধার তৎপরতা চালায়। রোববার সকালে ডুবুরি টিম উদ্ধার কাজ শুরু করে। তবে লাকি আহমেদ খান নামে স্থানীয় এক ব্যক্তি মৃতদেহটি খালের মুখে ওকটি গাছের সাথে আটকে থাকতে দেখে উদ্ধারকর্মীদের জানালে কুমিরা ফায়ার সার্ভিস,কোষ্টগার্ড, নৌবাহিনী লাশটি উদ্ধার করে।

নৌবাহিনীর কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, সমুদ্রে নিখোঁজ পর্যটকের মৃতদেহটি খালের মুখ থেকে আমরা উদ্ধার করি। এসময় ডুবুরি দল, ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড এবং পুলিশ টিম উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, শনিবার বিকালে এক শিক্ষার্থী নিখোঁজের পর পর আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। রাত হয়ে যাওয়ায় অভিযান সমাপ্তি করে রোববার সকালে আবার শুরু করলে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/দুলু/জেএইচ

Scroll to Top