ইউএসটিসি ক্যাম্পাস থেকে খুলিবিহীন মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির মাথার খুলি বিচ্ছিন্ন অবস্থায় থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) রাত প্রায় ১১টার দিকে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মরদেহটির মুখমণ্ডল বিকৃত থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত— সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top