সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের অন্তর্গত জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে পিতা নুরু উল্লাহ (৬৫) নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) বিকাল পৌনে ৫টার দিকে জঙ্গল সলিমপুরের ৫নং ছিন্নমূল সমাজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নুরু উল্লাহর বাড়ি মহেশখালীতে হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিতা ও পুত্রের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন বিকালে ঝগড়ার এক পর্যায়ে ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ তার পিতাকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় নুরু উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে এক পিতার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





