রাঙ্গুনিয়ায় লাথির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ভাড়া আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে আবুল কাসেম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কদমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (২২ মে) রাতে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ভবন মালিক আবদুল আলিমের ছেলে সুমন উত্তেজিত হয়ে আবুল কাসেমকে লাথি মারেন। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন।

পরে স্বজনরা দ্রুত তাকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top