বান্দবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে প্রায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
শনিবার (২৩ মে) বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিজিবির বিশেষ টহলদল জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ উদ্ধার করা হয়।
পরে ব্যাগ দুটি তল্লাশি করে খয়েরি রঙের ব্যাগে ৯৮ হাজার ৯৭০ পিস এবং সবুজ রঙের ব্যাগে ৯৭০ পিসসহ মোট ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৯৯ লাখ ৮২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন





