পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আনসার ক্যাম্প এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন তরুণ আহত হয়েছেন।
নিহতরা হলেন কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার আখতার হোসেনের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (১৫) এবং একই এলাকার জাহেদুল ইসলামের ছেলে মোহাম্মদ তাসনিম (১৫)। তারা দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী। শাহাদাত চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয় এবং তাসনিম আব্দুস সোবাহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করতেন।
আহত তানভির হোসেন (১৮) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন একটি কোরবানির পশুর হাটে গরু দেখতে যাচ্ছিলেন। পথে আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই শাহাদাত মারা যান। পরে আহত দুজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাসনিমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও কচুয়াই ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইসহাক জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুচিতা দেব বলেন, হতাহত তিনজনই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আহত তানভিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/পিবলু/এমকেএন





