রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাসার ছাদে ময়লা ফেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামে এক তরুণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজারসংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর দাশ ওই এলাকার রণী দাশের ছেলে। তিনি স্থানীয় পোমরা কেজি স্কুলের শিক্ষক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাসার ছাদে ময়লা ফেলতে যান অন্তর দাশ। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া ৩৩ কেভি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন সাদ্দাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য এলাকাবাসীর পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





