আনোয়ারায় প্রেমিকার বিয়ের আসরে প্রেমিকের বিষপান!

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সেই বিয়ের আসরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. সাহাব উদ্দিন (২৫) নামের এক প্রেমিক।

আজ শুক্রবার (২২ মে) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে হাশেম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার একটি কলেজে অধ্যয়নকালে বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামের হাশেম মেম্বারের বাড়ির রোকসানা আকতার (২০) নামের এক মেয়ের সঙ্গে সাহাব উদ্দিনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে। গত সপ্তাহে হঠাৎ করে রোকসানার পরিবার অন্যত্র বিয়ে ঠিক করলে বিষয়টি সাহাব উদ্দিন দুই পরিবারকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

শুক্রবার রোকসানার বিয়ের আসরে প্রেমিক সাহাব উদ্দিন সবার সামনে উপস্থিত হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় রোকসানার স্বজনরা সাহাব উদ্দিনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে স্বজনরা পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

বিষপান করা প্রেমিক মোহাম্মদ সাহাব উদ্দিন উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মো. ইয়াছিনের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে তার বড় ভাই নঈম উদ্দিন জানান, ‘আমার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের সম্পর্কের কথা জানার পর মেয়ের ভাইকে আমি প্রস্তাব দিয়েছি, কিন্তু তারা সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। শুক্রবার বিকেলে ৩টার দিকে আমরা জানতে পারলাম বিয়ের আসরে আমার ভাইকে মারধর করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা হাসপাতালে গিয়ে দেখি তার মুখে বিষের গন্ধ। আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই স্থানীয়রা সাহাব উদ্দিন নামের একজনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার স্বজনরা এসে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top