চাটগাঁ নিউজ ডেস্ক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ফেসবুকের এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি লিখেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলো নাসীরুদ্দীন পাটওয়ারী। সে সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে যায়। এক পর্যায়ে পেছন দিক থেকে কিছু যুবক ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাও আহত হয়।
এ ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করে। পরে তারা থানায় মামলার জন্য অবস্থান করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুক এনসিপি নেতা সারজিস আলম জানিয়েছেন, ‘কিছুক্ষণ আগে ঝিনাইদহে জুমার নামাজ শেষে ছাত্রদলের সন্ত্রাসীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত হয়ে কয়েকজন হাসপাতালে।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ





