চট্টগ্রাম ওয়াসায় নতুন এমডি প্রকৌশলী সেলিম

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

বৃহস্পতিবার (২১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর সংশোধনী এবং ২০২৪ সালের ২৩ অক্টোবর প্রণীত অধ্যাদেশ অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী এক)বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।

এই নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে যোগদানের আগে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানের সাথে যাবতীয় কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে বলা হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ পূর্ণাঙ্গ এবং দীর্ঘকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তাকে এই পদ থেকে অপসারণ করে।

প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ ২০০৯ সাল থেকে টানা ১৫ বছর ধরে মোট ৮ বার নিয়োগ পেয়ে চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top