চট্টগ্রাম বন্দরে কোটি টাকার কাপড় পাচার, গ্রেপ্তার ২ কর্মচারী

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের অভ্যন্তর থেকে কোটি টাকার গার্মেন্টস কাপড় বোঝাই একটি কনটেইনার পাচারের ঘটনায় দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। বুধবার (২০ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের মৃত ওয়াহাব আকনের ছেলে মিজানুর রহমান (৩৫)। তিনি চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃসহকারী হিসেবে কর্মরত। অপরজন নোয়াখালীর সেনবাগ উপজেলার শহীদ উল্ল্যাহ মাস্টার বাড়ির মৃত আবু তাহেরের ছেলে আবু সুফিয়ান (৪০)। তিনি বন্দরের কিপ ডাউন এসসি-১৮৮ পদে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে চীন থেকে আমদানি করা গার্মেন্টস কাপড়ভর্তি একটি ৪০ ফুট কনটেইনার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। কনটেইনারটি গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড আমদানি করেছিল। এতে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানা গেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কনটেইনারটি বন্দরে পৌঁছানোর পর বার্থ অপারেটর বশির আহাম্মদের তত্ত্বাবধানে জাহাজ থেকে নামিয়ে বন্দরের জে আর ইয়ার্ডে রাখা হয়। পরে সিঅ্যান্ডএফ এজেন্ট এস জামান অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ককর পরিশোধ করে কনটেইনারটি ছাড় নিতে গেলে সেটি আর ইয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি। এরপর এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করতে গিয়ে বন্দরের দুই কর্মচারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top