সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে জাকারিয়া হাসান জিলহান নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাত সোয়া ৮টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরোনো স্বাস্থ্যকেন্দ্র এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জিলহান সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি বলে জানা গেছে। হামলার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলায় জিলহানের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

আহত জিলহানের অভিযোগ, পূর্বপরিচিত প্রতিবেশী কাজী মোহাম্মদ সাইমন তাঁকে ডেকে নিয়ে হামলা চালান। এ সময় সাইমনের বড় ভাইও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top