চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন চট্টগ্রামে কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ১৭ থেকে ২০ মে পর্যন্ত রাতের বেলায় নিয়ন্ত্রিতভাবে যান চলাচল পরিচালনা করা হবে।
আজ রবিবার (১৭ মে) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময় প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে যান চলাচল অব্যাহত রাখা হবে।
এ সময় বিদ্যমান যানবাহনের চাপ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে যাত্রীদের সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনায় সেতু কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






