চাটগাঁ নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
তিনি আশা প্রকাশ করেছেন, আগামী জুনের প্রথম সপ্তাহেই তিনি দেশে ফিরতে পারেন।
শনিবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টারে অবস্থানকালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা আব্বাস। তিনি জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে মির্জা আব্বাসকে বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অগ্রগতিতে চিকিৎসক দল সন্তোষ প্রকাশ করেছে।
বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হুইলচেয়ারে করে কিছু সময় হাসপাতালের ভেতরে চলাফেরা করছেন। এ সময় মালয়েশিয়া প্রবাসী নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও তাকে দেখতে হাসপাতালে আসছেন এবং তার সঙ্গে কথা বলছেন।
আফরোজা আব্বাস বলেন, পরিবার ও চিকিৎসকরা তার সুস্থতা নিয়ে আশাবাদী। পাশাপাশি দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন এবং সুস্থতা কামনা করছেন বলে জানান তিনি। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
চাটগাঁ নিউজ/জেএইচ





