কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিলছড়ি চেয়ারম্যানঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে দাদার সঙ্গে গোসল করতে গিয়ে মোসকান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার।

তিনি জানান, শিলছড়ি ভেলুয়াছড়া এলাকার সিএনজি অটোরিকশা চালক মো. মুছার মেয়ে মোসকান তার দাদা মো. ইউসুফের সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে দাদার অজান্তে শিশুটি নদীর পানিতে নেমে তলিয়ে যায়। পরে তার দাদা ধারণা করেন, মোসকান হয়তো বাড়িতে ফিরে গেছে।

কিছুক্ষণ পর বাড়িতে গিয়ে শিশুটিকে না পেয়ে তিনি আবার নদীর পাড়ে ফিরে আসেন। সেখানে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় মোসকানকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top