ঈদগাঁওয়ে পুলিশের অভিযান, মাদক ব্যবসায়ীসহ ধরা পড়ল ৫ জন

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজাসহ এক নারী মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ মে) ঈদগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৯৯০ টাকাসহ আমিনা খাতুন নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের জহির আহমেদের স্ত্রী।

এদিকে পুলিশের পৃথক আরেক অভিযানে লোহাগাড়া থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও পরোয়ানাভুক্ত আরেক আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— উপজেলার ইসলামাবাদ চরপাড়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে কায়েস মিয়া প্রকাশ কাউসার এবং একই ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের নুরুল হাসেমের ছেলে মোহাম্মদ ইয়াছিন।

অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন— উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের মো. ছিদ্দিকের ছেলে শফিকুল ইসলাম এবং একই এলাকার আবুল কালামের ছেলে রফিকুল ইসলাম।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top