ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে এক সপ্তাহের ব্যবধানে খণ্ডিত মরদেহ ও দেহবিহীন একটি মাথার খুলি উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে পাইন্দং ডলু আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি টিলার খাদ থেকে একটি মানুষের মাথার খুলি উদ্ধার করে পুলিশ।
এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার আরেকটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছিল। তখন কয়েকদিন অভিযান চালিয়েও বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয়দের ধারণা, শুক্রবার পাওয়া খুলিটি আগের সেই মাথাবিহীন মরদেহের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক বিশ্লেষণের প্রয়োজন হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইন্দং ডলু আশ্রয়ণ প্রকল্পের ১৬ নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার দুপুরে ছাগল খুঁজতে গিয়ে টিলার নিচের খাদে সাদা রঙের একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন সেটি একটি মানুষের মাথার খুলি। এতে আতঙ্কিত হয়ে তিনি দ্রুত সেখান থেকে সরে গিয়ে পাশের দোকানদার আজমকে বিষয়টি জানান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুলিটি উদ্ধার করে।
শিরু আক্তার বলেন, ছাগল খুঁজতে গিয়ে নিচে সাদা রঙের কিছু দেখতে পাই। কাছে গিয়ে দেখি সেটি মানুষের মাথার খুলি। ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে আসি।
স্থানীয় দোকানদার আজম বলেন, শিরু খুব ভয় পেয়ে এসে আমাকে বিষয়টি জানায়। পরে আমি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া খুলিটি কয়েকদিন আগে একই এলাকায় পাওয়া মাথাবিহীন মরদেহের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে।
তিনি আরও বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।
চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন






