চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কক্সবাজার জেলার চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস স্থানীয় পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।

স্থানীয়দের ভাষ্য, ফজরের নামাজের আগে মসজিদের পাশে থাকা তাঁর কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম জানান, দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। ঘটনাটি রহস্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top