চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা জুলধা ইউনিয়নের মাতব্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত রাখার দায়ে ‘মোস্তফা অয়েল সাপ্লাইয়ার’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন হোসেন। অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুলধা ইউনিয়নের ১১ নম্বর মাতব্বর ঘাট এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিপুল পরিমাণ ময়লাযুক্ত জ্বালানি তেল মজুত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ তারেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





