উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গোলাপশা আক্তার (১৭) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া এলাকার ছৈয়দ মিস্ত্রীর মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (১৩ মে) রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মনির মার্কেট এলাকার মামুনের ছেলের সঙ্গে ওই কিশোরী বাড়ি থেকে চলে গিয়েছিল বলেও জানা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে নিয়ে আসেন।
জালিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মেয়েটি ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় ছিল। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দূর্জয় সরকার বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পড়ালেখা নিয়ে পরিবারের চাপের কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





