সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে অবৈধভাবে দখল করা সরকারি খাস জমি উচ্ছেদ করে প্রায় ২০ শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানা গেছে।
বুধবার (১৩ মে) সকালে সন্দ্বীপ পৌরসভার তালতলী বাজার এলাকায় পিডিবি অফিস সংলগ্ন খালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সন্দ্বীপ পৌরসভার সার্বিক সহযোগিতায় অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে সেখানে দোকানপাট স্থাপন করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে দুই দিন আগে অবৈধ দখলদারদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সরকারি জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





