চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার লাশ, পুলিশ বলছে গুজব!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভার থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিভিন্ন সূত্রের দাবি— ‘ছাত্রলীগ’ করার দায়ে নিহত ওই যুবককে মেরে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ বলছে এসব গুজব!

জানা গেছে, নিহত যুবকের নাম আবু কাউসার আহমেদ (২৭)। তিনি নগরীর আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক। পৈতৃক নিবাস রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মিস্ত্রি পাড়ার মিস্ত্রি বাড়িতে। তার বাবার নাম আবুল কাশেম (মৃত)।

সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এদিকে, মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা গুঞ্জন। ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার (১২ মে) রাতে ফেসবুকে দাবি করেছেন, কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে হত্যার দাবিকে গুজব বলছে পুলিশ। তাদের প্রাথমিক ধারণা কাউসার আত্মহত্যা করেছেন।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, নিহত যুবক বিএসআরএমে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জেনেছি– তিনি মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক হতাশাগ্রস্থ ছিলেন।

এসআই মাসুদুর রহমান আরো বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরও নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তার অনেকগুলোই ‘প্রপাগান্ডা’। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে আকবর শাহ থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল সিদ্দিকী দাবি করেছেন, নিহত যুবক সংগঠনটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কাউসার আহমেদ।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক শোকবার্তায় তার ‘রহস্যজনক মৃত্যুতে’ শোক প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী- আবু কাউসার কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top