ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ শিশুর লাশ

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে মুনতাহা তসলিমা (৮) নামে এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব নাইক্ষংদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনতাহা ওই এলাকার সিরাজুল ইসলাম ও মোস্তফা খাতুন দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার পর থেকে মুনতাহাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী মৃত অছিয়র রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের নির্মাণাধীন বাড়ির অরক্ষিত সেপটিক ট্যাংকের ভেতরে শিশুটির নিথর দেহ দেখতে পান স্বজনরা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহ দাফন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top