ফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই বসতঘর

চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের রক্তছড়িকুল এলাকায় অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র ও মালামালসহ প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এলাকার লালু বাপের বাড়ির রিফাত নামে এক যুবকের সেমিপাকা বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরে কেউ ছিলেন না বলে জানা গেছে।

কাঞ্চননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের মেম্বার জানান, স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও তার আগেই ঘরটির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সব আগুনে পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top