চাটগাঁ নিউজ ডেস্ক: ছাত্রলীগের সব কারাবন্দিদের মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে পোস্টার সাঁটিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। যার নেতৃত্বে ছিলেন শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সহ-সভাপতি আবরার শাহরিয়ার।
রোববার রাতে চট্টগ্রামের বটতলী রেলওয়ে স্টেশনে অবস্থানরত শাটল ট্রেনে প্রায় ৩০টি পোস্টার সাঁটানো হয়। সোমবার সকালে পোস্টারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনা তৈরী হয় চবি ক্যাম্পাসে।
এদিকে ভাইরাল হওয়া ছবি-ভিডিওতে দেখা যায়, সাঁটানো পোস্টারগুলোতে লেখা আছে ‘বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির মুক্তি চাই।’ পোস্টারের নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সহ-সভাপতি আবরার শাহরিয়ারের নাম লেখা রয়েছে।
পোস্টারগুলো শেয়ার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবরার শাহরিয়ার বলেন, ‘আমরা অবৈধভাবে আটক ছাত্রলীগের কারাবন্দিদের নিঃশর্ত মুক্তি কামনা করছি। একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অন্যায় ও অযৌক্তিকভাবে বহিষ্কৃত এবং যাদের সনদ বাতিল করা হয়েছে, তাদের মৌলিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাই’।
জানতে চাইলে আবরার শাহরিয়ার ‘চাটগাঁ নিউজ’কে বলেন, ‘সবুজে ছাওয়া শ্যামল মাটির এই ২১০০ একরের প্রতি ইঞ্চিতে আমাদের সাংবিধানিক, গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের চর্চা চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। তাদের নিয়েই আমারা এগিয়ে যাবো মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও গোঁড়ামি-সংস্কার বিরোধী প্রগতিশীল চিন্তার সুস্থ সুন্দর ক্যাম্পাস বিনির্মানের পথে’।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শাটল থাকাকালীন এটি লাগানো সম্ভব নয়। সম্ভবত শাটল যখন বটতলী স্টেশনে ছিল তখন লাগাতে পারে। এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ আমাকে অবগত করেনি। তবে আমরা সচেতন রয়েছি। বিষয়টি শনাক্ত করতে পারলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের আড়ালে কিছু দুষ্ট লোকই হয়তো এ কাজটি করেছে।’
চাটগাঁ নিউজ/জেএইচ






