রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামী, মাদকসেবী, মাদককারবারি এবং চুরি মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার (১০ মে) রাতে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার রিজার্ভ বাজার, পরাটুন বস্তি, হাসপাতাল এলাকা, ভেদভেদীসহ বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জিআর-১৩/২৬ ও জিআর-০১/২৬ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী সুভাশ দাশ (৪০), মুন্নি দাশ (৩৬) ও মো. রায়হান উদ্দিন (২৩)।
এছাড়াও মাদকসেবনের অভিযোগে ইউসুফ (২৪) ও মো. ইরফান উল কাদের (৩২), মাদক ব্যবসার অভিযোগে মো. সোহেল (২৬) এবং চুরি মামলার আসামী পুন্য চাকমা (৩৫) ও শ্যামল বিকাশ চাকমা ওরফে মিজকালা চাকমা (২৯) কে গ্রেফতার করা হয়।
রাঙামাটি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন






