আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের অবস্থান কর্মসূচি

চাটগাঁ নিউজ ডেস্ক: আমানত ফেরত ও ‘হেয়ার কাট’ নীতির বাতিলের দাবিতে চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের শাখায় অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

সোমবার (১১ মে) নগরীর এনায়েত বাজার এলাকার গ্লোবাল ইসলামী ব্যাংকসহ একাধিক একীভূত ব্যাংকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে তারা ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছেন না। এতে ব্যবসা পরিচালনা থেকে শুরু করে পারিবারিক প্রয়োজন মেটাতেও চরম সংকটে পড়েছেন তারা। দ্রুত আমানতের পুরো টাকা ফেরত এবং ‘হেয়ার কাট’ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।

গ্রাহকদের দাবি, তাদের কষ্টার্জিত সঞ্চয় ব্যাংকে জমা রেখে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। এ পরিস্থিতির জন্য বাংলাদেশ ব্যাংককে দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তারা। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে স্পষ্ট আশ্বাস ও কার্যকর পদক্ষেপের দাবি জানান আন্দোলনকারীরা।

এক ভুক্তভোগী জানান, প্রায় এক বছর ধরে বিভিন্ন ব্যাংকে ঘুরেও কোনো সমাধান পাননি তারা। ফলে সন্তানের শিক্ষার খরচ, ঈদের কেনাকাটাসহ নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত তাদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top