রাঙ্গুনিয়ায় কৃষিজমি ও পাহাড় রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষিজমি রক্ষা এবং অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ১২ ঘণ্টার ব্যবধানে উপজেলার পৃথক দুটি স্থানে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা এবং মাটি কাটার যন্ত্র (এস্কেভেটর) জব্দ করা হয়েছে।

রবিবার (১০ মে) সকালে উপজেলার সৈয়দবাড়ি এলাকার কাপ্তাই সড়কের পাশে কৃষিজমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যথাযথ অনুমতি ছাড়া কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে স্থাপনা নির্মাণের অভিযোগে একটি ভবনের দ্বিতীয় তলার দেয়াল ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে পাশের একটি পোল্ট্রি ফার্ম সম্পূর্ণ অপসারণ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী আরও একটি স্থাপনার মালিককেও একই পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকায় অবৈধভাবে পাহাড় ও আবাদি জমির মাটি কাটার বিরুদ্ধে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে পৌঁছালে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। তবে অবৈধ কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে সেটির ব্যাটারি জব্দ করা হয়।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে স্থাপনা নির্মাণ কিংবা অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার কোনো সুযোগ নেই। পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top