চাটগাঁ নিউজ ডেস্ক: হত্যাসহ পৃথক পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর এক মামলায় জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বাকি চার মামলার জামিন আবেদনের বিষয়ে সোমবার (১১ মে) রায় ঘোষণা করা হবে।
রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর এ বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। পরে গত বৃহস্পতিবার (৭ মে) রুলের ওপর শুনানি শেষে আদালত ১০ মে রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তাকে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। পরে একই বছরের ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন






