চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় পুকুরে গোসল করতে নেমে মেহেদী হাসান মারুফ (১৮) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আন্নরআলী মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মারুফ স্থানীয় পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি একই এলাকার মিজবাহ উদ্দীন বাবুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারুফ দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিলেন। নিয়মিত তাকে রক্ত নিতে হতো। শনিবার সকালে চুল কাটার পর নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে ডুবে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম জানান, জন্মের পর থেকেই মারুফ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






