ফটিকছড়িতে নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগে আটক ১

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালাপানি এলাকায় লাকি আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকাল ১১টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত নারীর বেয়াই নুরুচ্ছাপাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, লাকি আক্তার মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। অভিযোগ রয়েছে, রাতে তার বেয়াই তাকে ধর্ষণ করে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে ওই নারীর মৃত্যু হয়েছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ঘটনার বিস্তারিত জানার জন্য নিহত নারীর বেয়াইকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top