সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (৯ মে) ভোরে উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ভোরে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি শুকনোছড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত ব্যক্তির নাম হেগেরা চাকমা (৫০)। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন। সেখানে আঞ্চলিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে সক্রিয় ছিলেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন,‘গুলিতে একজনকে হত্যার খবর পেয়েছি। সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্ত কাজ শুরু করেছে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লেগেছে। কে বা কারা এমন হত্যাকাণ্ডের সাথে জড়িত তা জানা যায় নি।

এদিকে ইউপিডিএফ সদস্য হত্যার ঘটনার প্রতিবাদে আগামী ১১ মে দিঘীনালা, বাঘাইছড়ি, সাজেক সড়কে অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতাকর্মীরা।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top