চাটগাঁ নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা পূর্বপাড়া এলাকায় নিজ বাসা থেকে একই পরিবারের পাঁচ সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পরিবারের কর্তা ফোরকান মিয়া পলাতক রয়েছেন।
নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩২), শ্যালক রসুল (২২) এবং তিন কন্যা মিম (১৪), হাবিবা (১০) ও ফারিয়া (২)।
নিহত শারমিনের ভাগনে সাকিব জানান, শুক্রবার সন্ধ্যায় চাকরির কথা বলে রসুলকে বাসায় ডেকে নেন ফোরকান। রাতে পরিবারের সবাই খাবার শেষে ঘুমিয়ে পড়লে তাদের ওপর হামলা চালানো হয়। সকালে স্বজনরা খবর পেয়ে ঘরে ঢুকে পাঁচজনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরকান পেশায় প্রাইভেটকার চালক। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সিঙ্গাপুর প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়দের ভিড়ে ঘটনাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফোরকান মিয়াই স্ত্রী, সন্তান ও শ্যালককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






