কাতালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে চসিকের অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ চকবাজার–মুরাদপুর সড়কের কাতালগঞ্জ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

আজ বুধবার (৬ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা। অভিযানে বুলডোজার দিয়ে ইবনে সিনা হাসপাতালের সামনের এসব স্থাপনা ভেঙে ফেলা হয়।

চসিক সূত্র জানায়, সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে দীর্ঘদিন ধরে সেখানে চুক্তির শর্ত ভেঙে অস্থায়ী ও স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হচ্ছিল। এসব স্থাপনা পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার পাশাপাশি আশপাশের পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছিল।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উচ্ছেদ করা জায়গা পুনরায় দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি জোরদার করা হবে। একই সঙ্গে এলাকাটিকে পরিকল্পিতভাবে সাজিয়ে একটি নান্দনিক ও পরিবেশবান্ধব জনপরিসরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

চসিকের পরিকল্পনা অনুযায়ী, উচ্ছেদকৃত স্থানে রাজধানীর রমনা পার্কের আদলে একটি আধুনিক সবুজ পার্ক গড়ে তোলা হবে। সেখানে শিশুদের জন্য খেলার ব্যবস্থা, পথচারীদের বসার জায়গা, ছায়াবৃক্ষ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার কথা জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top