বোয়ালখালীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, দুই চোর আটক

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (৬ মে) সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— নগরীর চান্দগাঁও কালুরঘাট এলাকার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছেলে নুরন্নবী আকাশ (২৫) এবং শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের নুরুল আলমের ছেলে মো. ইস্কান্দার (৩২)।

স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রত্যয় বিশ্বাস জানান, ভোরে একদল চোর কেন্দ্রের চারটি থাই গ্লাসসহ স্টিলের ফ্রেম, একটি ফ্যান, চারটি অক্সিজেন মেশিনের মিটার এবং একটি অটোপ্লাগ মেশিনের ঢাকনা চুরি করে নিয়ে যায়।

পরে সকালে পালানোর সময় এলাকাবাসী চোরাই মালামালসহ তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top