উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হেড মাঝি নুর কামাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৬ মে) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে দুপুর আনুমানিক ২টার দিকে উখিয়ার ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/৪১ ব্লকে এ হামলার ঘটনা ঘটে। নিহত নুর কামাল ওই ব্লকের হেড মাঝি ছিলেন। তিনি মোস্তাক আহমেদের ছেলে এবং বিতর্কিত সশস্ত্র গোষ্ঠী ‘এআরএ’-এর প্রধান নবী হোসেনের ভাই বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ ব্লকে অবস্থানকালে কয়েকজন অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। হামলার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, হামলাকারীরা একই সশস্ত্র গোষ্ঠীর সদস্য হতে পারে। ঘটনার পর পুরো ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর কামালকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, হঠাৎ করে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে চিকিৎসকের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন





